কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী লবণ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সরওয়ার আলম (৪৫)। তিনি টেকনাফ উপজেলার খারাংখালী নতুন পাড়া এলাকার নুরুল আলমের ছেলে। সরওয়ার নাফ নদীতে মাছ শিকার ও লবণ চাষ করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানিয়েছে, শনিবার সকালে সরওয়ার আলম নাফ নদীতে মাছ ধরতে যান। দুপুরে মাছ ধরে বাড়ি ফেরার পথে খারাংখালী লবণ মাঠ এলাকায় হঠাৎ বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের মেডিকেল অফিসার হাসান মিয়া জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে সরওয়ার আলম নামের এক জেলে বজ্রপাতে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’


