জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্র গত ৫৬ বছর ধরে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) যথাযথভাবে মেনে চলছে না।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইরান এই মার্কিন আচরণকে ‘ভণ্ডামি’ হিসেবে অভিহিত করেছে।
তেহরানের অভিযোগ অনুযায়ী, হাজার হাজার পারমাণবিক ওয়ারহেডের মালিক এবং এই মারণাস্ত্রের বিশ্বের এক নম্বর বিস্তারকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এনপিটি চুক্তির ধারা ১ এবং ৬-এর অধীনে থাকা তাদের নিরস্ত্রীকরণ সংক্রান্ত আইনি বাধ্যবাধকতাগুলো স্পষ্টভাবে লঙ্ঘন করছে।
ইরান আরও উল্লেখ করেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নজরদারির অধীনে পরিচালিত হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রার ওপর কোনো আইনি সীমাবদ্ধতা নেই।
যুক্তরাষ্ট্রকে তাদের এই বিতর্কিত আচরণের জন্য কোনো প্রকার ছাড় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছে ইরানি মিশন। সূত্র: আল-জাজিরা


