প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
তিনি বলেন, ‘প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন–প্রতিটি ধাপেই সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন।’
সোমবার সকালে ঢাকার তথ্য ভবনে আয়োজিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘প্রকল্প ব্যবস্থাপনা’ বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রকল্পের লক্ষ্য, সময়সীমা ও ব্যয়ের সঠিক ভারসাম্য রক্ষায় প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান ১০টি প্রকল্পের বিষয়ে জানান। তিনি বলেন, মন্ত্রণালয় প্রকল্পগুলোর নির্ধারিত সময়সীমায় বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
দিনব্যাপী এই প্রশিক্ষণে সাবেক সচিব মোস্তা গাউসুল হক রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর অধীনস্থ দপ্তর-সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


