যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিনকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে প্রচণ্ড গরমের মধ্যে আক্রমণাত্মক প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফেবারিট ফ্রান্স। লড়াকু এই ম্যাচে নিজেদের শান্ত রাখতে পারায় দলের খেলোয়াড়দের প্রশংসা করেছেন ফরাসি কোচ দিদিয়ে দেশম।
ফরাসি সম্প্রচারমাধ্যম এমসিক্সকে দেশম বলেন, ‘কাজটি সহজ ছিল না। তারা সম্ভাব্য সব কৌশল ব্যবহার করেছে। অতিরিক্ত আগ্রাসন দেখিয়ে সবকিছু বাড়িয়ে বলা হয়তো মাঠে দর্শক টানার মতো ফুটবল নয়।’
ম্যাচের ৭০ মিনিটে ডি-বক্সের ভেতর দেজিরে দুয়ে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স। সফল স্পট-কিকে কিলিয়ান এমবাপ্পে দলের জয়সূচক গোলটি করেন। আসরে এটি এমবাপ্পের সপ্তম গোল। এর মাধ্যমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির পাশে বসলেন তিনি।
এর আগের ম্যাচগুলোতে ফরাসিদের গোলবন্যা দেখা গেলেও এ দিন ছন্দে ফিরতে বেশ ভুগতে হয়েছে লা ব্লুজদের। আগের চার ম্যাচে ১৩ গোল করা ফ্রান্স এ দিন বল দখলে আধিপত্য দেখালেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। শেষ বত্রিশে জার্মানিকে বিদায় করে দেওয়া প্যারাগুয়ের রক্ষণাত্মক ও মারমুখী ফুটবলের সামনে মাইকেল অলিস, উসমান দেম্বেলে ও ব্র্যাডলি বারকোলার মতো ফ্রান্সের সৃজনশীল ফরোয়ার্ডদের বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে।
দেশম বলেন, ‘আমরা নিজেদের খেলায় মনোযোগ ধরে রেখেছিলাম। ম্যাচটি কঠিন ছিল। তারা রক্ষণভাগে অনেক খেলোয়াড় রেখেছিল, রক্ষণও করেছে দারুণ। প্রচণ্ড তাপমাত্রার কারণে গতিময় ফুটবল খেলা কঠিন ছিল। সেই সুযোগে তারা রক্ষণভাগ ধরে রাখে।’
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি ও ৪ জুলাইয়ের ছুটির সপ্তাহে ফিলাডেলফিয়ার তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট)। এমন চরম আবহাওয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে ফ্রান্স দলের তিনজন হলুদ কার্ড দেখলেও প্যারাগুয়ের কোনো খেলোয়াড় বুকিং না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন ফরাসি কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আমি রেফারির সমালোচনা করছি না। তবে মাঠে অনেক কিছু ঘটার পরও আমাদের তিনজন হলুদ কার্ড পেয়েছে।’ এ সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে মৌখিক কটূক্তির শিকার হওয়ার ইঙ্গিতও দেন তিনি।
দেশম আরও বলেন, ‘আমি প্যারাগুয়েকে দোষ দিচ্ছি না। যেকোনো দল তাদের ইচ্ছামতো খেলতে পারে। তবে মাঠের গালিগালাজগুলো না হলেই ভালো হতো। স্বস্তির বিষয় হলো, ম্যাচ শেষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের কোয়ালিফাই করাই এখন মূল বিষয়।’
দেশম জানান, ম্যাচের শেষ দিকে অধিনায়ক এমবাপ্পেকে প্যারাগুয়ের আগ্রাসন থেকে বাঁচাতে নিজের অন্যতম সেরা দুই খেলোয়াড়কে মাঠে নামাতে হয়েছিল তাকে।
তিনি বলেন, ‘আমরা স্নায়ুচাপ ধরে রেখেছিলাম, যা খুবই জরুরি ছিল। এটি ম্যাচ জেতায় না, তবে গুরুত্বপূর্ণ। আমাদের দলে অনেকে এবারই প্রথম বিশ্বকাপ খেলছে, এই অভিজ্ঞতা তাদের কাজে দেবে। আমি বলব না এর আগের ম্যাচগুলো সহজ ছিল, তবে আজকের ম্যাচটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধাঁচের।’
আগামী বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। এর আগে শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো। এই ম্যাচটি ২০২২ সালের দোহা বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। সেবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স, যদিও পরে আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরে রানার্স-আপ হয় তারা।
মরক্কো প্রসঙ্গে দেশম বলেন, ‘মরক্কো অন্যতম সেরা দল। চার বছর আগে দোহায় আমরা ওদের সঙ্গে খেলেছি, ওরা আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালেও খেলেছে।’
প্যারাগুয়ে ম্যাচের ক্লান্তি কাটিয়ে তার দল দ্রুতই চোট কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন দেশম। উরুর চোটে গত ম্যাচ মিস করা দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনিকে আগামী ম্যাচে পাওয়ার আশা করছেন তিনি। দেশম বলেন, ‘খেলোয়াড়দের ক্লান্তি ও ছোটখাটো চোট কাটিয়ে ওঠার জন্য আমরা এখন কয়েক দিন সময় পাচ্ছি।’


