কক্সবাজারের পেকুয়া উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীর পাড়া এলাকার জাহাঙ্গীর, ফোরকান, জয়নাল ও ছোটনের পরিবারের চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দ্রুত পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পেকুয়া স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে ঘনবসতিপূর্ণ এলাকার আরও অন্তত ২০টি পরিবারের বসতবাড়ি রক্ষা পেয়েছে বলে এলাকাবাসী জানান।
পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনে ইনচার্জ দিদারুল আলম জানান, আগুনে নগদ টাকা ও আসবাবপত্রসহ ঘরের সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে দুটি করে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেছেন।


