বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আওতাধীন বিভিন্ন ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে অভিন্ন ও সামঞ্জস্যপূর্ণ পন্টেজ চার্জ আরোপের ফলে বিভিন্ন রুটে যাত্রী প্রতি ভাড়া কিছুটা বৃদ্ধি পাবে।
মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ১১টি ব্রিজ-এ অভিন্ন পন্টেজ চার্জ বা ভাড়ার দূরত্ব আরোপ করা হচ্ছে।
আগামী ২০ ডিসেম্বর থেকে এই বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিবৃতি অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-সিলেট রুটে এই পন্টেজ চার্জ আরোপ হবে।
এক্ষেত্রে, ঢাকা-চট্টগ্রাম বিরতিযুক্ত ও বিরতিহীন আন্তঃনগর ট্রেনে গড়ে জনপ্রতি ৩৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। ঢাকা-কক্সবাজার নন স্টপে ৪৮ টাকা ও ঢাকা-সিলেট রুটে বাড়ানো হয়েছে ৩১ টাকা।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে পন্টেজ চার্জ আরোপের ফলে বর্ধিত ভাড়া এরইমধ্যে কার্যকর হয়েছে।
এবার পূর্বাঞ্চলে পন্টেজ চার্জ আরোপের মাধ্যমে ভাড়া সমন্বয় করা হলে পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিদ্যমান ভাড়ায় সামঞ্জস্য প্রতিষ্ঠিত হবে।


