পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ ফিরছে পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে ‘জ্ঞানী গণি-৩’। ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলে আবারও প্রধান চরিত্রে থাকছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে এটি দেখা যাবে।
এবারের গল্প আবর্তিত হয়েছে শালীর বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া অদ্ভুত সব পরিস্থিতি নিয়ে। যেগুলো ‘জ্ঞানী গণি’তার স্বভাবসুলভ বুদ্ধি দিয়ে তা সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে উল্টো নতুন সব রহস্যের জট পাকতে থাকে। শেষ পর্যন্ত গণি কি পারবে নির্বিঘ্নে শালীর বিয়ে দিতে, নাকি নিজেই কোনো বড় বিপদে জড়াবে?
মূল চরিত্রে এবার যুক্ত হয়েছেন শবনম ফারিয়া।
পরিচালক ইমরান ইমন বলেন, ‘জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা বিয়ের উৎসবের মাঝে লুকিয়ে থাকা সামাজিক অসঙ্গতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, দর্শক এবারও গণির কান্ডকারখানা উপভোগ করবেন।’


