শিশুশিল্পী থেকে পূজা চেরির নায়িকা হিসেবে অভিষেক ২০১৮ সালে ‘নূর জাহান’ দিয়ে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। তবে তিনি নজর কাড়েন ‘পোড়ামন ২’ দিয়ে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি সুপারহিট ব্যবসা করায় নায়িকা হিসেবে তার চাহিদা তখন তুঙ্গে উঠে যায়।
একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হন পূজা চেরি। সেগুলো বেশ ভালোই ব্যবসা করে তার। কিন্তু ২০২২ এ শাকিব খানের সঙ্গে ‘গলুই’ মুক্তির পর তার ক্যারিয়ারের ছন্দপতন হয়। সে সিনেমাটির পর তার অভিনীত ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘টগর’ মুক্তি পায়। কিন্তু একটি সিনেমাও বক্স অফিসে ভালো করেনি।
শুধু ব্যবসায়িক দিক দিয়ে খারাপ সময় না, অন্য আরও ঝামেলায় জড়ান পূজা। তার সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্ক খারাপ হয়। এর পিছনে কারণ হিসেবে বলা হয়, তিনি শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। এ জন্য নাকি দীর্ঘ দিন তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে বসবাসও করেছিলেন। কিন্তু তার মায়ের বাধার কারণে নাকি তাদের সম্পর্ক পরিনতি পায়নি। যদিও পূজা এ বিষয়ে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, ‘শাকিব ভাই ইন্ডাস্ট্রির সুপারস্টার নায়ক। তার সঙ্গে আমার প্রেমের সম্পর্কের ব্যাপারটা শুধুই গুঞ্জন। এটা কারা কেনো ছড়াচ্ছে আমি বুঝি না।’
গেল ঈদে পূজা অভিনীত ‘দম’ মুক্তি পায়। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। এতে নিশোর অভিনয় প্রশংসিত হলেও পূজা সমালোচনার শিকার হন। সমালোচকরা বলেন, ‘পূজা তার চরিত্রটির প্রতি সুবিচার করতে পারেননি’। নিশোর ফ্যানবেজের কারণে সিনেমাটি ‘হিট’-এর তকমা পায়।
ঈদুল আযহায় মুক্তি পাবে তার অভিনীত ‘নাকফুলের কাব্য’। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করেছেন আলোক হাসান। ফেরারী ফরহাদের কাহিনি ও সংলাপের সিনেমাটি সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রেম ও বিরহের গল্প। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।
সিনেমাটিতে গান রয়েছে ৩টি। এতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, মৌ শিখা, গাজী রাকায়েত প্রমুখ।
শনিবার (২ মে) সিনেমাটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে পোস্টারের অধিকাংশ স্থান জুড়ে রয়েছেন পূজা। এক কোণায় আদর ও তার ছবি। পোস্টারে থাকা তার ছবিতে রয়েছে না পাওয়ার বেদনা।
অনলাইনে পোস্টার প্রকাশের পর দর্শক-ভক্তরা বেশ ভালোই প্রশংসা করছেন। কিন্তু সমালোচকদের একটা বক্তব্য পূজা কি পারবেন তার হারানো অবস্থান ফেরাতে। এর জবাব পাওয়ার জন্য অবশ্য ঈদে সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। পূজা অবশ্য এসব কোনো ব্যাপারে কথা বলতে রাজি নন। তিনি শুধু বলেন, ‘এ সিনেমার গল্প দারুণ। আলোক হাসান বেশ ভালোভাবে বানিয়েছেন এটি। তাছাড়া এর পিছনে বেঙ্গল মাল্টিমিডিয়ার মত প্রতিষ্ঠান রয়েছে। আশা করছি তারা প্রচার-প্রচারনায় কোন কমতি রাখবে না। দর্শকরা পছন্দ করার মতো সিনেমা এটি।’


