পুলিশের সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা দেবে ইউনেসকো, যা দ্রুত শুরু করতে সম্মতি দিয়েছে সরকার। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউনেসকো বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলে ইউনেসকো বাংলাদেশ হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল উপস্থিত ছিলেন।
সাক্ষাতে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ইউনেসকো বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ বলেন, পুলিশের প্রশিক্ষণ নিয়ে সংস্থাটির চলমান প্রকল্প রয়েছে এবং এ বিষয়ে আইজিপির সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের অনুমতি পেলে আগামী জুনের মধ্যেই প্রশিক্ষণ শুরু করতে চাই।’
দ্রুত প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে সম্মতি জানিয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতীয় নির্বাচনের আগে এসপি ও ওসি পদমর্যাদার প্রায় ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান ইউনেসকো প্রতিনিধি।
প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণের পরামর্শ দেন মন্ত্রী। পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করলে প্রশিক্ষণ আরও ফলপ্রসূ হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রশিক্ষণ কর্মসূচি শনিবার আয়োজন করা হলে তা অংশগ্রহণকারীদের জন্য সুবিধাজনক হবে বলেও মত দেন তিনি। ইউনেসকো সাংবাদিকদের জন্যও অনুরূপ প্রশিক্ষণ আয়োজন করছে বলে জানান সুসান ভাইজ।
‘বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এর সঙ্গে জবাবদিহি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ,’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


