মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হোসাইন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালের দিকে শিবচর বাজারে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহত হোসাইন উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার পৌরসভার কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপের দোকানে কাজ করত হোসাইন। শুক্রবার সকালে কাজ করার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে আহত হয় সে। পরে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহসিন রেজা বলেন, ‘সকালে ওই ছেলেকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, ‘খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো অভিযোগ দেয়নি নিহতের পরিবার।’


