বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম আসায় তাকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান এ নোটিশ পাঠান। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জন প্রশাসন সচিব ও আইন সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়।
উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম এসেছে।


