সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরোনো ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুই শ্রমিক হলেন, উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও একই এলাকার কামরুল হাসান (৩০)।
জানা গেছে, পুরোনো থানা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। শ্রমিক রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়। এতে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক কামরুল হাসানের ডান পায়ে আঘাত লেগে তিনিও আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, থানার পুরাতন ভবনটি ঠিকাদারের মাধ্যমে ভাঙার কাজ চলমান ছিল। হঠাৎ দুপুরে বিকট শব্দ হলে তিনিসহ কর্তব্যরত পুলিশ সদস্যরা সেখানে গিয়ে আহত দুই শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


