বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন ও তার পরিবারের সদস্যদের আয়কর নথি তলব করেছে আদালত। প্রত্যেকের নথির সত্যায়িত ছায়ালিপি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি চেয়ে আবেদন করেন আদালতে। আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের প্রসিকিউটর ইশতিয়াক আহমেদ। শুনানি শেষে আবেদন মঞ্জুর করা হয়।
দুদকের আবেদনে বলা হয়, বেলায়েত হোসেন ছাড়াও তার পরিবারের চার সদস্যের আয়কর বিবরণী পর্যালোচনা করা প্রয়োজন। তারা হলেন- স্ত্রী ফারহানা হোসেন, মেয়ে রাহাত আরা ঋতি ও শামীম আরা নিতু এবং ছেলে আদনান হোসেন নীপু।
এতে আরও বলা হয়, বেলায়েত হোসেনের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ, সঠিকতা যাচাই এবং তার মালিকানাধীন অন্য কোনো গোপন সম্পদ আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। সে লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি খোলার শুরু থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত দাখিল করা বিবরণী পর্যালোচনা করা আবশ্যক। এনবিআর থেকে বেলায়েত হোসেন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি দুদক সংগ্রহ করবে।


