‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি আর গণভোট ছাড়া নির্বাচন হবে না’ দাবি করা মহলটি নির্বাচন পণ্ড করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘পিআর আমি নিজেই বুঝি না। এ নিয়ে তর্ক বিতর্ক সংসদে হবে।’
বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে(সংসদে) গিয়ে হবে। যেসব প্রস্তাবে সব দল একমত সেগুলো জুলাই সনদে সই হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান।’
আর হিংসার রাজনীতি চান না উল্লেখ করে তিনি বলেন, ‘হিন্দু মুসলিমের বিভেদ চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই। অতীতে সরকারে ছিলাম, কিভাবে সরকার পরিচালনা করতে হয় জানি।’

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না। জনগণ যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন। আর ভাগাভাগি করবেন না, দেশটার ক্ষতি করবেন না। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই।’
দল নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে।’
এসময় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


