পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, এদিনই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব নেওয়ার সাড়ে তিন মাসের মাথায় পদত্যাগ করেন দীপেন দেওয়ান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুল রহমান রুমন টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন। পরে তাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, ‘শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ আবশ্যক বলে মনে করছি।’
দীপেন দেওয়ানের বাবা প্রয়াত সুবিমল দেওয়ান ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা এবং রাঙামাটি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
দীপেনের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় ছাত্রজীবনে। তিনি রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সংগঠক ছিলেন। পরবর্তীতে তিনি জেলা বিএনপির আহ্বায়ক এবং দীর্ঘদিন জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর ৭ম বিসিএস (জুডিশিয়াল) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগ দেন এবং দীর্ঘ ১৯ বছর দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে জ্যেষ্ঠ যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।


