পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে, ঘটনার সাড়ে তিন ঘন্টা পর উদ্ধার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সোমবার ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে, কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনের যাত্রীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি’ রোববার রাত সাড়ে ১১টার দিকে রওয়ানা দেয়। পথে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে লাফিয়ে নেমে পড়েন। এ সময় ভাঙ্গুড়া থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেয়।
তবে, এ ঘটনার সাড়ে তিন ঘন্টা পর সকাল সাড়ে ৭টার দিকে বগি উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে রয়েছেন রেলের যাত্রীরা।
‘ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছেন। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি’ বলে জানান প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সাইফুল ইসলাম।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ট্রেনটি লাইনচ্যুতের ঘটনার পর পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার বলেন ‘কতক্ষণের মধ্যে বগির উদ্ধারকাজ শেষ হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা দ্রুত উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’


