পাবনার ঈশ্বরদীতে পূর্ব বিরোধের জেরে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (২৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদীর সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সোহাগ তার বন্ধুদের নিয়ে সাড়া গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন।
এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা সেখানে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সোহাগের মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন,‘ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
তিনি জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হবে বলে জানান তিনি।


