ঢাকার সার্ক ফোয়ারা মোড়সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ যেকোনো ধরনের নির্মাণকাজ বন্ধ রাখতে হাইকোর্টের আদেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
বুধবার এক রিট আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধারের অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দেয়।
‘সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সম্প্রসারণের জন্য পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের খোলা জায়গায় নির্মাণ কার্যক্রমের বিরুদ্ধে রিট করেন ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের’ সমন্বয়ক ও পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জন। ওই রিট আবেদনের শুনানিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞার পাশপাশি পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ারও আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার হাইকোর্টের ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার হাইকোর্টের রায়ই বহাল রেখে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত অংশ নির্মাণ বাতিলের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। পান্থকুঞ্জ পার্কে ধ্বংসযজ্ঞ ও গাছ কাটা বন্ধ করতে এবং পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আবেদন জানান তারা।


