তীব্র ঝড়, ভারী বৃষ্টি ও দমকা বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে এই দুই গুরুত্বপূর্ণ নৌপথে নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। ফলে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে দুর্ভোগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুস সালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় এবং দমকা বাতাসে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে এলে পুনরায় এই দুই নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু করা হবে বলে জানান তিনি।


