‘পাক সেনাদের সহায়তাকারীরা দেশের জন্য নিরাপদ নয়’

‘পাক সেনাদের সহায়তাকারীরা দেশের জন্য নিরাপদ নয়’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

১৯৭১ সালে বধ্যভূমিতে যারা পাক সেনাদের সহযোগিতা করেছিল তারা দেশের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই অবৈধ ও অনিরাপদ শক্তির হাতে দেশ তুলে দেওয়া যায় না বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘যারা পাক সেনাদের সহযোগিতা করেছিল তারা এখন ভোটের জন্য এসেছে। তারা কখনো তাদের কৃতকর্মের জন্য মাফ চাইনি। তারা দেশের জন্য নিরাপদ নয়, মানুষের জন্য নিরাপদ নয়।’

রোববার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে একটি ইসকন মন্দিরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সনাতন ধর্মসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী।

বিএনপি মহাসচিব বলেন, ‘ধর্মের কারণে মানুষে মানুষে বিভাজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সবাই আগে বাংলাদেশি। এখানে সংখ্যায় বড় বা ছোট–এই বিভাজনের কোনো জায়গা নেই।’

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বিএনপি মহাসচিব জানান, এ দেশের দুর্ভাগ্য মুক্তিযুদ্ধের পরও সাম্য, সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে বারবার রক্ত দিতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। কিন্তু সেই লড়াই এখনো শেষ হয়নি।

উপস্থিত ইসকন ভক্তদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এই বাংলাদেশ সবার। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সামনে নির্বাচন তাই ভয় পেলে চলবে না। সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। বাংলাদেশকে এমন কারও হাতে তুলে দেওয়া যাবে না, যাদের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়।’

এবারই তার জীবনের শেষ নির্বাচন হতে পারে জানান তিনি। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী নেতা এবং ইসকন ভক্তরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad