উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে পর্দা নামল দুই দিনব্যাপী টরোন্টো বাংলা বইমেলার। বিপুলসংখ্যক বইপ্রেমী, লেখক, প্রকাশক শিশু-কিশোর ও নারী-পুরুষের পদচারণায় মুখরিত ছিল বইমেলা। প্রবাসীরা একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে আনন্দ উৎসবে মেতেছিল এই মিলনমেলায়।
স্থানীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বইমেলাটির আয়োজন করে অন্যমেলা। বইমেলায় ২৫টি স্টলে স্থান পায় বিভিন্ন ধরনের ৫ শতাধিক বই। বিভিন্ন বিভাগে অবদান রাখার জন্য ১৭০ জনকে সম্মাননা দেওয়া হয়। স্থানীয় মেয়র অলিভিয়া চাও ও এমপি ডলি বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বই মেলায় টরোন্টোর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নাচ, গান আর আবৃত্তিতে মুখর করে রাখে দর্শকদের। বাংলাদেশ থেকে আসা প্রথিতযশা শিল্পীদের পরিবেশনায় দ্যুতি ছড়ায় অনুষ্ঠানের।
উল্লেখ্য, সাদি আহমেদের নেত্বতে ২০ বছর ধরে এই টরেন্টো বইমেলার আয়োজন করা হয়। আগামী বছর টরোন্টোর ২১তম বইমেলা ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, প্রাণের ভাষা বাংলাকে বিশ্বের বুকে তুলে ধরা এবং প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই টরোন্টো বাংলা বইমেলার মূল লক্ষ্য।


