ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গ্রাহকদের জ্বালানি তেল পরিমাপে কারচুপি রোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দুটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।
রোববার ও সোমবার পরিচালিত এই বিশেষ অভিযানে দুটি ফিলিং স্টেশনকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটসমূহ সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসটিআই জানায়, রোববার দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় ‘সোহরাব সার্ভিস স্টেশন’ এর ৪টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে ২টি ইউনিটে মারাত্মক কারচুপি ধরা পড়ে, যেখানে প্রতি ১০ লিটার জ্বালানি তেলে যথাক্রমে ১ হাজার ৮০ মিলিলিটার এবং ৯৮০ মিলিলিটার তেল কম পাওয়া যায়।
এই অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট ২টি তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে, সোমবার অভিযানকালে মগবাজারের সাংবাদিক সেলিনা পারভীন স্মরণীস্থ ‘মইন মটরস ফিলিং স্টেশন’ এর অকটেন ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়।
যাচাইয়ান্তে প্রতি ১০ লিটারে ৮০ মিলিলিটার জ্বালানি তেল কম প্রদান করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটটি সিলগালা করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এবং সাবেকুন নাহার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম, ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা এবং পরিদর্শক (মেট্রোলজি) রেজওয়ানুল ইসলাম দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


