কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘এই পরিবর্তিত সময়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি এবং ঐক্য, সংহতি ও সাম্যের মাধ্যমে এই অগ্রযাত্রা অব্যাহত রাখব।’
বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
এর আগে, সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে প্রশাসন ভবন চত্বর থেকে ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেওয়া হয়। এরপর বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ ও সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা জানায়।
ফুল দেওয়া শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উপাচার্য আরও বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। এই অগ্রযাত্রায় বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে ইবি পরিবার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
এ ছাড়া স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা আগামী দিনে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’
পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় জোহর নামাজের পর কেন্দ্রীয় মসজিদসহ আবাসিক এলাকা ও হলের মসজিদগুলোতে দোয়া অনুষ্ঠিত হয়।


