রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি কাতলা মাছ। শুক্রবার সকালে ৪৬ কেজি ৫০০ গ্রামের মাছ দুটি দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় মৎস্য আড়ত ও জেলেরা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনার পৃথক স্থানে জাল ফেলেন এরশাদ হালদার ও জীবন হালদার। ভোররাতে জাল তোলার সময় তাদের প্রত্যেকের জালে একটি করে বড় কাতলা ধরা পড়ে। শুক্রবার সকালে মাছ দুটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডল ও আনু খাঁর আড়তে আনা হয়।
সেখানে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা চলে। শেষ পর্যন্ত ২৮ কেজি ৫০০ গ্রাম ওজনের বড় মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৬২ হাজার ৭০০ টাকায় এবং ১৮ কেজি ওজনের অন্য মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
বিশাল আকৃতির কাতলা দুটি দেখতে সকাল থেকেই মাছ বাজারে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। নিলাম চলাকালীন পুরো বাজারে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাছের ক্রেতা ও সাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ বলেন, ‘পদ্মার বড় মাছের স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় সারা দেশেই এর ব্যাপক চাহিদা থাকে। আমি মাছ দুটি কিনে দেশের বিভিন্ন প্রান্তের বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি দ্রুতই ভালো লাভে মাছগুলো বিক্রি করতে পারব।’
পদ্মার জেলেরাও বড় মাছের দেখা পেয়ে আনন্দিত। তারা জানান, ইদানীং নদীতে এ ধরনের বড় মাছ ধরা পড়ায় তাদের অভাব-অনটন দূর হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।


