নোয়াখালীতে এক ব্যাংক কর্মকর্তাকে সশ্রম কারাদণ্ড ও বড় অংকের অর্থদণ্ড দিয়েছে নোয়াখালীর বিশেষ জজ আদালত। অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের সাবেক ওই কর্মকর্তাকে এ সাজা দেন নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম- কাজী মাহফুজুর রহমান। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাইজদী কোর্ট শাখার সাবেক সিনিয়র অফিসার এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার উত্তর মির্জাপুর গ্রামের বাসিন্দা।
আদালতের রায়ে তাকে তিনটি ধারায় সাজা দেওয়া হয়। এর মধ্যে দুটিতে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও একটিতে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে তাকে এক কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৮৪৩ টাকা জরিমানা করা হয়।
মামলার বিবরণে বলা হয়, আসামি কাজী মাহফুজুর রহমান ইউসিবি ফেনী শাখায় কাজ করার সময় ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যাংকের নিজস্ব পাসওয়ার্ড ও আইডি ব্যবহার করে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করেন। তিনি জালিয়াতির মাধ্যমে একটি সঞ্চয়ী হিসাব খুলে ব্যাংকের জিএল অ্যাকাউন্ট থেকে এই বিপুল পরিমাণ টাকা তুলে আত্মসাৎ করেন বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে।
রায় ঘোষণার সময় এ মামলার প্রধান আসামি কাজী মাহফুজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়।
তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলায় অভিযুক্ত অন্য পাঁচ আসামিকে খালাস দেয় আদালত। তারা হলেন- কাজী সাইফুর রহমান, আজাদ রাকিব, নাজমা হক, মফিজুল ইসলাম খন্দকার ও মো. ছালা উদ্দিন।


