নোয়াখালীর বেগমগঞ্জ ও কবিরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। আহতরা নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেঘনা গ্রুপের রিজিওনাল ম্যানেজার গোলাম সারোয়ার (৪৭) মারা যান।
পুলিশ জানায়, সারোয়াকে চাপা দেওয়ার পরপরই উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে আটক করে। তবে ট্রাকের চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
একইদিন সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলায় নরোত্তমপুর ইউনিয়নে নাম্বারবিহীন একটি সিএনজির সঙ্গে প্রশিক্ষণে ব্যবহার করা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ তিন জন গুরুতর আহত হন। তাদের মধ্যে বেলাল হোসেন (৪৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার খুরশিদ আলমের ছেলে।


