নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার বিকাল ৬টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, ‘শনিবার উপজেলার কাসেম বাজার জামে মসজিদে ছাত্রশিবির দারসুল কোরআন প্রোগ্রামের আয়োজন করে। সেখানে বিএনপির কিছু নেতার নেতৃত্বে হামলা চালানো হয়।’
তিনি আরও বলেন, ‘এর প্রতিবাদে রোববার আসরের সালাতের পর আবারও একই স্থানে কোরআন তালিমের কর্মসূচি ঘোষণা করি। এদিন সালাতের পর আবারও মসজিদের ভেতর আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় তারা। এক পর্যায়ে তালা মেরে অবরুদ্ধ করে রাখা হয়। তাদের হামলায় আমাদের ২৫ জন নেতা আহত হয়।
বিএনপির স্থানীয় নেতারা বলেন, ‘আসরের সালাতের পর ছাত্রশিবিরের নেতারা মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে। সেখানে বিএনপির নেতারা বাধা দিলে তারা হামলা চালায়। এতে নেওয়াজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ জন নেতাকর্মী আহত হয়।’ আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।’


