নোয়াখালীর জেলা শহর থেকে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খল ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তীব্র উদ্বেগে ছিলেন।
এমন পরিস্থিতিতে কিশোর গ্যাংয়ের মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ১৮ সদস্যকে আটক করে। পরে তাদের নোয়াখালী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটির সভাপতি এনবিএস রাসেল, সাধারন সম্পাদক জিয়াউর রহমান রাহান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, ‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ উদ্যোগ নিয়েছি।’
নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটির সভাপতি এনবিএস রাসেলের দাবি, কিশোর গ্যাংয়ের আদলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবার সংগঠিত হচ্ছে।
তিনি বলেন, ‘জেলায় একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। আমরা চাই পুলিশ আইনগত ব্যবস্থা নিক।’
নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘কিশোর গ্যাংয়ের মিছিল থেকে ছাত্রদলের হাতে আটক ১৮ জনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


