নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় বালুয়াটারে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কাঠমান্ডুতে দুর্নীতিবিরোধী আন্দোলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ‘জেন-জি’ (জেনারেশন জেড) বিক্ষোভকারীদের সঙ্গে সহিংস সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন। নিহতদের মধ্যে কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহারিতে দুইজন রয়েছেন।
এর আগে, নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্ব প্রকাশ শর্মা নৈতিক কারণে লেখকের পদত্যাগ দাবি করেন। কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব ছিলেন, তবে লেখক মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার আগে তার সিদ্ধান্ত জানান।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, সরকার নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে, কিন্তু দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। গত ৪ আগস্ট থেকে ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার), হোয়াটসঅ্যাপসহ জনপ্রিয় সামাজিক অ্যাপগুলো নেপালে নিষিদ্ধ করা হয়।
সংঘর্ষে কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় কান্তিপুর টেলিভিশনের সাংবাদিক শ্যাম শ্রেষ্ঠা রাবার বুলেটে আহত হন। একই সঙ্গে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নিজ এলাকা দামাকেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
কাঠমান্ডু জেলা প্রশাসক ছাবিলাল রিজাল জানান, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনসহ গুরুত্বপূর্ণ এলাকায় জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
নেপালে ২০০৮ সালের মে মাসে সংবিধান সংশোধনের মাধ্যমে ২৪০ বছরের রাজতন্ত্র ভেঙে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালে অনুমোদিত হয় নতুন ধর্মনিরপেক্ষ সংবিধান। গত ১৭ বছরে দেশটিতে ১৩ বার সরকার পরিবর্তিত হয়েছে। ২০২৪ সালের ১৫ জুলাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান।


