নেত্রকোনার পূর্বধলায় বাস চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের নাম আইনুল হক (৫০)। তিনি কালের ডহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে নিহত অপর যাত্রী এবং আহত অন্যজনের নাম- পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি বাস এবং শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত অবস্থায় অন্য যাত্রীদের উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন অজ্ঞাত যাত্রী মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।


