নেত্রকোনার আটপাড়া উপজেলায় ভাড়ায় মোটরসাইকেল চালানো এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার সুখাইর ইউনিয়নের বাউসা হাওর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান।
নিহত সোহাগ চৌধুরী (৪৫) জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে স্ত্রী-সন্তানসহ ছয় সদস্যের সংসার চালাতেন সোহাগ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি।
সবশেষ রাতে মদন থেকে যাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। পরে আটপাড়া উপজেলার বাউসা হাওরে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ওসি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ করা হয়নি। তবে ঘটনা তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নিহতের স্ত্রী আজিদা আক্তার বলেন, দেড় বছর আগে শাল্লা এলাকায় তাকে অজ্ঞান করে মোটরসাইকেল ছিনতাই করা হয়। অনেক কষ্ট করে আবার মোটরসাইকেল কেনা হয়েছিল। এবার মোটরসাইকেলও নিলো, মানুষটাকেও মেরে ফেলল। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।


