নেত্রকোনায় ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত এলাকা দুর্গাপুরে বন্যহাতির হামলায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া একটার দিকে উপজেলার গারো পাহাড়ের ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ভবানীপুর গ্রামের লিপশন নকরেকের ছেলে প্রান্ত রাংসা (২১)।
দুর্গাপুর বন কর্মকর্তা মজনু প্রামাণিক জানান, ভবানীপুর এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় এখানে প্রায়ই কৃষকের পাকা ধান খাওয়ার জন্য বন্যহাতি নামে।
প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে কৃষকরা দল বেঁধে হাতি তাড়ানোর জন্য মাঠে অবস্থান করছিলেন। ধান পাহারা শেষে রাতে বাড়ি ফেরার সময় পথিমধ্যে একটি হাতির সামনে পড়ে যান প্রান্ত। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হবে বলেও জানান এ বন কর্মকর্তা।


