নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের সহযোগিতা চায় আ.লীগ

নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের সহযোগিতা চায় আ.লীগ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশে সুষ্ঠু রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) বিলি কেলেহারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা।

সোমবার আয়ারল্যান্ডের কর্কে অবস্থিত ক্লেটন হোটেল সিলভার স্প্রিংসের লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে অংশ নেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও আয়ারল্যান্ডের সাবেক মন্ত্রী বিলি কেলেহার, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, আয়ারল্যান্ড ছাত্রলীগের সভাপতি নোমান চৌধুরী, আয়ারল্যান্ড আওয়ামী লীগের নেতা রফিক খান এবং আয়ারল্যান্ডের ফিনা ফলের স্টুডেন্ট উইংয়ের চেয়ারম্যান রাদিন খান।

বৈঠকে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দলটির মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের জামিনের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় হাবিবে মিল্লাত বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ হত্যা, মব জাস্টিস বা গণপিটুনি, মানবাধিকার লঙ্ঘন, জঙ্গিবাদের উত্থান এবং বিচারহীনতার বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে তিনি গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি) প্রণীত গবেষণা প্রতিবেদনগুলো বিলি কেলেহারের কাছে হস্তান্তর করেন।

বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সক্রিয় ভূমিকা কামনা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad