নির্বাচন যত বিলম্ব হবে দেশের রাজনৈতিক সংকটও তত বাড়বে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বলছে তারিখ নিয়ে কথা বলবেন না, তারা দেখছে। আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে, সংকট তত বাড়বে।’
রোববার বিকালে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭ থেকে ৮ তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে। পরে শোনা যায়, ১১ তারিখ ঘোষণা আসতে পারে। এ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে।
খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে মান্না বলেন, এ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অসাধারণ অবদান রয়েছে। তিনি অনেক কষ্ট ও নির্যাতন সহ্য করেছেন। সবাই চান, তিনিও নির্বাচনী প্রক্রিয়ার অংশ হোন। তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে।
তাই নির্বাচনের প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হয় কি না, এটাও আমাদের মনে আসে। তবে আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন যথাসময়ে হোক।
আন্দোলন ও রাজনৈতিক সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, পনের বছরের লড়াইয়ে আমাদের সঙ্গে বিএনপিসহ অন্যান্য দল ছিল। যোগাযোগ আছে, আলাপ-আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়নি। আমরা এককভাবে কিছু করতে চাই না।
এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম বাবলুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা শহরের কলেজমোড়ে বিজয়স্তম্ভে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশেও তিনি বক্তব্য দেন।


