সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) আয়োজন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “বিতর্কিত ডাকসু ও জাকসু নির্বাচনের” পর থেকেই আগামী জাতীয় নির্বাচন “উদ্দেশ্যমূলক ফলাফলের” দিকে যাচ্ছে কি না, তা নিয়ে জনমনে তীব্র শঙ্কা তৈরি হয়েছে।’
শুক্রবার বিকালে রাজধানীর মিরপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী প্রশ্ন রেখে বলেন, ‘নীলক্ষেত থেকে ব্যালট ছাপানো হলো কেন? তাহলে কি কোনো “একটি দল বা গোষ্ঠীর স্বার্থে” ডাকসু নির্বাচন করা হলো না?’
‘এই গুরুতর বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের খতিয়ে দেখা উচিত ছিল। এ ধরনের ঘটনা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনেও “উদ্দেশ্যমূলক ফলাফল” হবে কি না, দেশবাসীর কাছে সেই প্রশ্নও ওঠা স্বাভাবিক,’ যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা অতীতে “সুষ্ঠু নির্বাচন মাটির তলায় চাপা দিয়ে” তার রাজত্ব কায়েম করতে চেয়েছেন এবং একে-ওকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক সেই একই কায়দায় যদি আগামী নির্বাচনেও “কাউকে বা কোনো দলকে জিতিয়ে” দেওয়ার নীল-নকশা থাকে, তবে তা জাতির জন্য হবে চরম দুর্ভাগ্যজনক।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন। যার ফল এখন জনগণ ভোগ করছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আগের মতোই বিএনপির বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চলছে। এই চক্রান্ত প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকবে হবে।’


