আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমনওয়েলথে’র সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথে’র মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন হওয়ার কথা রয়েছে।
কমনওয়েলথ মহাসসচিবকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আগামী নির্বাচনে কমনওয়েলথের সমর্থন প্রয়োজন।
আগামী সংসদ নির্বাচন প্রক্রিয়ার প্রতি কমনওয়েলথের গভীর আগ্রহ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি জানান, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ।
জবাবে কমনওয়েলথ মহাসচিব বচওয়ে বলেন, বাংলাদেশে নির্বাচনের পুরো প্রক্রিয়ায় কমনওয়েলথ সর্বাত্মক সহযোগিতা দেবে।
তিনি বলেন, কমনওয়েলথের মধ্যে রয়েছে ৫৬টি দেশ, যার মধ্যে জি-৭ ও জি-২০ এর সদস্যরাও আছে। এটি এক বিশাল সম্পদ। একে অন্যকে শক্তিশালী করতে বাংলাদেশ এ সম্পদ কাজে লাগাতে পারে।
নির্বাচনের আগে কমনওয়েলথ একাধিক পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানান কমনওয়েলথ মহাসচিব।
বৈঠকে প্রধান উপদেষ্টা ও কমনওয়েলথ মহাসচিব যুবশক্তির ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমাতে ‘থ্রি-জিরো’ ভিশন এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন।


