ঢাকা-১৫ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী শফিকুর রহমানের পক্ষে আয়োজিত জনসমাবেশে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে তা মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশনকে সে কথাই স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা এখনো মুখে বলে যাচ্ছি, আমরা এখনো মাঠে নামিনি। কারণ, আমরা মাঠে নামব নির্বাচনের জন্য। আমাদের আন্দোলনের দিকে নামতে বাধ্য করবেন না।’
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশনকে উভয় জোটের প্রতি একই আচরণবিধি অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পক্ষের প্রতি বৈষম্যমূলক আচরণ জনগণ মেনে নেবে না।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে বিভিন্ন কার্ড দেওয়ার ঘোষণা দেওয়া হলেও ঘুষ ও চাঁদাবাজি বন্ধ না হলে এসব সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। একই সঙ্গে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়ার প্রচেষ্টাকে দ্বিচারিতা হিসেবে উল্লেখ করেন তিনি।
সমাবেশে তিনি বলেন, এবারের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, বরং ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন। তার ভাষায়, এটি এক ধরনের গণভোট, যেখানে জনগণ পরিবারতন্ত্র, দুর্নীতি, বৈষম্য ও আধিপত্যের বিরুদ্ধে রায় দেবে।


