ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে পদায়ন শুরু হবে ১ নভেম্বর থেকে। তবে এবার পদায়নের ক্ষেত্রে সরকার ভীষণ সতর্ক থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, কোনো কর্মকর্তাই নিজ জেলায় পদায়ন পাবেন না। এমনকি শ্বশুরবাড়ির জেলাতেও দেওয়া হবে না পোস্টিং।
বুধবার উপদেষ্টা পরিষদের সভা শেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব।
তিনি বলেন, ‘প্রশাসনের কোনো কর্মকর্তা পদায়ন পেয়ে নিজ জেলায় যাবেন না। শ্বশুরবাড়ি থাকলেও পোস্টিং হবে না। কোনো নিকট আত্মীয় যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলেও সেখানে পদায়ন দেওয়া হবে না।’
১ নভেম্বর থেকে পদায়ন শুরু হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘পুলিশের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও জানিয়েছেন যে, সেখানেও পদায়নে এই নিয়মই অনুসরণ করা হচ্ছে। তারা দেখছেন যে সবচেয়ে ফিট প্রার্থীকে সেটি। এরই মধ্যে ৬৪ জনের লিস্টও করা হয়েছে।’
এই পদায়ন যেন র্যান্ডমলি হয়, কোনো পক্ষপাতিত্ব না হয় সেটা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান শফিকুল আলম।
তিনি জানান, বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার আসবেই। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই দিয়ে নানারকম ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে। আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছতে হবে নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট দিতে হয়, কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে সে বিষয়ে মানুষকে সচেতন করতে হবে”।’
সেনাবাহিনীর পক্ষ থেকে ৯২ হাজার ৫০০ সেনা ও নৌবাহিনী সদস্য মোতায়েন থাকার কথা জানানো হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘প্রতি উপজেলায় এক কোম্পানি করে আর্মি থাকবে।’


