নাসিরনগরে হামের প্রকোপ, ২ শিশুর মৃত্যু

নাসিরনগরে হামের প্রকোপ, ২ শিশুর মৃত্যু
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৫ থেকে ৭ মাস বয়সী শিশুদের মধ্যে হামের উপসর্গ বেশি দেখা দিচ্ছে। ২ দিনের ব্যবধানে সেখানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৭ দিনে হামের উপসর্গ নিয়ে ৩৫ শিশু চিকিৎসা নিয়েছে। রোববার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ১৩ শিশু।

হাম রোগে প্রাণ হারানো দুই শিশুর একজন উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আশিকুর রহমানের ছেলে মো. হুজাইফা (৪) এবং গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের মোশাররফ মিয়ার সাত মাস বয়সী ছেলে সজীব মিয়া। হুজাইফা গত শুক্রবার ভোরে ঢাকার ডিএনসিসি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং শনিবার রাত সাড়ে ১২টায় ঢাকায় নেওয়ার পথে সজিবের মৃত্যু হয়।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত ১২টার দিকে প্রচণ্ড জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় শিশু হুজাইফাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন রাত দুইটার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকার ডিএনসিসি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে ভর্তি করান। শুক্রবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফার মৃত্যু হয়।

অন্যদিকে, জ্বর, সর্দি ও শরীরে লাল গুটি র‌্যাশ থাকায় কয়েকদিন আগে সাত মাস বয়সী শিশু সজীব মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরে সজীব। আবার অসুস্থ হওয়ার পর তার শরীরে একই উপসর্গ দেখা দেয়। এবার পরিবারের লোকজন সজীবকে জেলার এক শিশু চিকিৎসকের কাছে নিয়ে যান। ডাক্তারের পরামর্শে রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন

নিহত হুজাইফার বাবা আশিকুর রহমান বলেন, ‘আমার ছেলের জ্বর ও ডায়রিয়া হওয়ার পর প্রথম তিন থেকে চার দিন স্থানীয়ভাবে ঝাড়ফুঁক ও পানি পড়া দেওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সন্তান হারিয়ে বুঝেছি ঝাড়ফুঁক নয়, হামের টিকাই জীবন বাঁচাতে পারে।’

সজীবের চাচা শেখ শাহ আলম বলেন, ‘আমার ভাতিজা সজীব প্রায় ১২ দিন আগে হামে আক্রান্ত হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরে। তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর ঢাকায় নেওয়ার পথে শনিবার রাতে তার মৃত্যু হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৭ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ৩৫ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। রোববার বহির্বিভাগে ৫৭০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে প্রায় ২০০ শিশু জ্বর-সর্দি নিয়ে এসেছে এবং তাদের অনেকের মধ্যেই হামের উপসর্গ পাওয়া গেছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ১৩ রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত দুই জনের হাম শনাক্ত হয়েছে। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর