নারীদের মোবাইল ফোনে অশ্লীল কথা বলা ও মেসেজ দেওয়ার অভিযোগে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আলী আজম সাব্বিরকে জুতাপেটা করা হয়েছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাব্বির এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য এবং বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিটিসিতে প্রশিক্ষণ নিতে আসা বেশ কয়েকজন নারীকে সাব্বির মোবাইল ফোনে উত্যক্ত ও অশ্লীল মেসেজ দিতেন। এতে অতিষ্ঠ হয়ে গত ২৪ মে দুপুরের দিকে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রেখে জুতাপেটা করেন। এ সময় সাব্বির ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরে শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের সই করা চিঠিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।
টিটিসির ড্রাইভিংবিষয়ক প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, ‘সাব্বির বেশ কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। যার কারণে একজন নারী প্রশিক্ষণার্থী তাকে জুতাপেটা করেছেন। পরে সাব্বির দোষ স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। অফিস খোলার পর একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, ‘অভিযোগ নজরে আসার পরপরই সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে।’


