নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (যেইআরএ) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আলআমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)।
দগ্ধদের সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী সবাই দুপুরে তাদের নিজস্ব ক্যান্টিনে ব্যুফে খাবার খাচ্ছিলেন। তখন ভিতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ, পা পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে হাসপাতালে ১২ জন রোগী এসেছেন। কার কত শতাংশ পুড়ে গেছে তা দেখা হচ্ছে। পরবর্তীতে জানানো হবে।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আমির, শংকর, কাওছার ও আল আমিন ক্যান্টিন বয়। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা।
দুপুরে রান্নার পর অসাবধানতা বসত গ্যাসের চুলা চালু ছিল। তখন কেউ একজন আগুন ধরাতেই এই ঘটনা ঘটে থাকতে পারে।


