নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টার মধ্যে জেলার দুটি পৃথক জায়গা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, সিদ্ধিরগঞ্জে মিজমিজি সাহেবপাড়ার নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক থেকে অজ্ঞাত ওই নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। এলাকায় দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ওই ভবনের ভেতরে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরনে ছিল কালো রঙের বোরকা। চার-পাঁচদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ গুমের জন্য সেফটি ট্যাংকে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। পরিচয় সনাক্তের জন্য পিবিআইয়ের একটি টিম নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। হত্যার রহস্য উদঘাটন করে জড়িতদের সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে, পরমেশ্বরদী গ্রামের বারদী-তালতলায় রাস্তার পাশে সরিষা ক্ষেত থেকে আরেক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাম নাঈম। তিনি ওই এলাকার মৃত হেকিম হাজির ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানিয়েছে, সরিষা ক্ষেতে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


