কক্সবাজারের উখিয়া থেকে তালিকাভুক্ত ইয়াবা গডফাদার মনির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি আলোচিত ‘শাহজাহান হত্যা মামলার’ প্রধান আসামি।
মনির হোসেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকালে বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে আটক করে বালুখালী বিওপির (উখিয়া ব্যাটালিয়ন-৬৪ বিজিবি) একটি বিশেষ দল।
এদিন রাতে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা মনিরের অবস্থানের আগাম তথ্য পান। জানা যায়, ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগি করতে মনির হোসেন রহমতের বিল এলাকায় যাবেন।
ওই সংবাদের ভিত্তিতে বালুখালী সীমান্ত চৌকির (বিওপি) একটি বিশেষ দল কাছাকাছি এলাকায় কৌশলে অবস্থান নেয়। অভিযানের এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে মনির পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করে বিজিবি।
সীমান্তরক্ষীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দেন।
এছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক সংক্রান্ত মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি উখিয়ার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলারও প্রধান আসামি। ২০২৪ সালের নভেম্বরে নয় হাজার ৬০০ পিস ইয়াবা জব্দের এক মামলায় তিনি ‘পলাতক ও ওয়ারেন্টভুক্ত’ আসামি ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, ‘এর আগে বিভিন্ন অভিযানে ইয়াবা পাচারে জড়িত অনেক বাংলাদেশি ও রোহিঙ্গা চোরাকারবারি ধরা পড়লেও, তদন্তে জানা যায় তারা কেবল বহনকারী ছিল। এদের পেছনে যে গডফাদাররা কাজ করেন তারা পর্দার আড়ালেই থেকে যান। তাদেরই একজন এই মনির হোসেন। এবার সেই গডফাদারদের একজনকে ধরা সম্ভব হয়েছে।’
মনির হোসেনকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জসীম বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান আরও জোরদার করা হচ্ছে এবং গডফাদারদের গ্রেপ্তারে অভিযান চলবে।’


