আগামীতে যারাই সরকার গঠন করুক না কেন তাদেরকে এককভাবে সংবিধান সংশোধনের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, ‘গণভোটে “হ্যাঁ” ভোটের মাধ্যমে এমন একটি ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার একক সিদ্ধান্তে সংবিধান পরিবর্তন করতে না পারে। একই সঙ্গে কাউকে স্বৈরাচারী বা ফ্যাসিবাদীও হতে দেওয়া যাবে না।’
সোমবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, যারা সংসদে যাবেন, সরকার গঠন করবেন এবং রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবেন, তাদের জন্য জুলাই সনদের বিপক্ষে গিয়ে কাজ করার কোনো সুযোগ থাকবে না। এই গণভোটের মাধ্যমে সেই অঙ্গীকারকে সাংবিধানিক ভিত্তি দেওয়া হবে।
১৯৭২ সালের সংবিধান বহুবার কাটাছেঁড়া করা হয়েছে উল্লেখ করে ফরিদা আখতার অভিযোগ করে বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার প্রয়োজনে যখন যেমন দরকার হয়েছে, তখনই সংবিধান সংশোধন করা হয়েছে। ফলে সেই সংবিধান আর তার মৌলিক রূপে নেই।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে তাদের প্রতি আমাদের যে অঙ্গীকার, তা থেকে আমরা সরে আসতে পারি না। শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দেয়নি।’
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।


