নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।
নিহতের প্রতিবেশী রোকসানা ইব্রাহিম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকালে মাধুলী ইসলাম রূপগঞ্জ থেকে চেক সংক্রান্ত একটি মামলার বিষয়ে আদালতে এসেছিলেন। জেলা আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কটি হেঁটে পার হওয়ার সময় চাষাঢ়ামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। নিহতকে চাপা দেওয়ার পর ট্রাক চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


