নামধারী ও ভাসমান সাংবাদিকদের ভিড়ে প্রকৃত পেশাদার সাংবাদিকেরা আজ কোণঠাসা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির আহমেদ স্বপন। তিনি বলেন, সাংবাদিকতার মহান ব্রতকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী মহল এই পেশার মান মর্যাদা ক্ষুণ্ণ করছে।
মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পেশাদার সাংবাদিকদের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে তথ্য মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের স্বচ্ছতা বজায় রাখতে সৎ সাংবাদিকদের অবশ্যই অসৎ ও সুযোগসন্ধানীদের হাত থেকে সুরক্ষা দিতে হবে।’
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান চিপুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও ঢাকা চেম্বার অফ কমার্স এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোচ্ছাবেরুল ইসলাম, জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বক্তারা জেলা পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন এবং সুস্থ ধারার গণমাধ্যম চর্চায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


