জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত উপেক্ষা করে জাতীয় ঐকমত্য কমিশন নাগরিকদের প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিক ‘নোট অব ডিসেন্টের’ মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করেছিল। কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল যে সেগুলো চূড়ান্ত নথিতে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু বিস্ময়করভাবে, মঙ্গলবার যখন খসড়া প্রকাশ করা হলো, দেখা গেলো কোনো ভিন্নমতই রাখা হয়নি। ভিন্নমতের নোটগুলো সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।’
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে খসড়াটি সংশোধনের আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘ভিন্নমত উপেক্ষা করা জাতীয় ঐক্যের উদ্দেশ্যকেই ব্যর্থ করবে।’
‘কমিশনের এমন কার্যক্রমকে কোনোভাবেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলা যায় না। তাহলে তথাকথিত কমিশন গঠন করারই বা অর্থ কী ছিল? আমি একে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা বলব,’ যোগ করেন তিনি।
বিএনপির এই নেতা যোগ করেন, ‘সব সংকটের মূলে রয়েছে একটি সত্যিকার গ্রহণযোগ্য নির্বাচন না থাকা। নির্বাচন যত বিলম্বিত হবে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারী শক্তিগুলো ততই শক্তিশালী হবে।’


