বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দুপুরে আন্তর্জাতিক পিলার নং ৪২ এলাকা ঘুমধুম ইউনিয়নের বাইশ ফাড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন উক্যমং তঞ্চঙ্গা (৪০), চিক্যং তঞ্চঙ্গা (৩৪) এবং শৈফুচিং তঞ্চঙ্গা (৩২)। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুক্যা পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন দুপুরে তুমব্রু নো-ম্যান্স ল্যান্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি।
এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরণ হলে উক্যমং তঞ্চঙ্গা নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশসহ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানান, মাইন বিস্ফোরণে নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।


