ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পরিবারসহ অন্য আসামিদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট দুর্নীতির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করেছেন রাজউকের সাবেক সচিব (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম।
দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান জানান, বুধবার মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে সাবেক এই সচিব আত্মসমর্পণ করেন। ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি।
আলোচিত এ মামলায় এই প্রথম কোনো আসামি আত্মসমর্পণ করলেন। শেখ হাসিনাসহ বাকি আসামিরা এখনও পলাতক রয়েছেন।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে আলাদা ছয়টি মামলা দায়ের করে দুদক। গত ২০ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ তিনটি করে মামলা বিচারের জন্য পাঠানো হয়।
এ পরিপ্রেক্ষিতে, গত ৩১ জুলাই রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। শুনানিতে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলায় আসামি তালিকায় আছেন শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল)।
শেখ হাসিনার পরিবারের সদস্য ছাড়াও এসব মামলায় আসামি করা হয়েছে জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে।


