নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার সন্ধ্যায় হামলায় সাংবাদিক এসএম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেন এবং ক্র্যাবের স্টাফ লালসহ ১০ জন আহত হন।
জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামেডি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় টাকা দাবি করে। সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায়।
নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক টাইমস অব বাংলাদেশকে জানান, খবর পেয়ে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ‘এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে নারী ও শিশুরা ভয়ে কান্না শুরু করে। দোষীদের শাস্তির দাবি করছি। আমরা এ ঘটনায় মামলা করব।’


